*‘ফাটাকেষ্ট’ খ্যাত কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী কালীপুজোর কাঠামো পুজো*

 
সৃজন মহম্মদ, কলকাতা | ১৬ জুলাই, ২০২৬ :
চিরাচরিত ঐতিহ্য ও পরম্পরা মেনে 
 জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে ‘ফাটাকেষ্ট’ খ্যাত কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী কালীপুজোর কাঠামো পুজো সম্পন্ন করল আয়োজক "নব যুবক সংঘ"। উত্তর কলকাতার ৫৩বি, কেশবচন্দ্র সেন স্ট্রিটে অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে পূজিতা হয়ে আসছেন মা কালী। সেই দীর্ঘদিনের ঐতিহ্য মেনেই এদিন কাঠামো পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল এবারের কালীপুজোর প্রস্তুতি।

কলকাতার ৫১১, রবীন্দ্র সরণীতে প্রখ্যাত মৃৎশিল্পী মিন্টু পাল-এর মৃৎশিল্পাগারে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গাঙ্গুলী, ভারতীয় জনতা পার্টির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সম্পাদক সঞ্জয় মিশ্র, বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক কুনাল ঘোষ, কলকাতা পৌরনিগমের ৪৮ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি বিশ্বরূপ দে, সমাজসেবী সঞ্জয় বক্সি, পাপ্পু মিশ্রা-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। সকলের উপস্থিতিতে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে সম্পন্ন হয় মায়ের কাঠামো পুজো।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘ফাটাকেষ্ট’ কালীপুজোর সাংগঠনিক সম্পাদক প্রবন্ধ রায় (ফান্টা) জানান, “কলকাতার অন্যতম প্রসিদ্ধ ‘ফাটাকেষ্ট’ কালীপুজো এ বছর ৬৯ বছরে পদার্পণ করতে চলেছে। গত বছরগুলির ধারাবাহিকতা বজায় রেখে এবারও মাতৃপ্রতিমা নির্মাণের দায়িত্বে রয়েছেন শহরের অন্যতম শ্রেষ্ঠ মৃৎশিল্পী মিন্টু পাল। দীর্ঘদিনের ঐতিহ্য ও প্রাচীন নির্মাণশৈলী অক্ষুণ্ণ রেখেই এবারের মাতৃমূর্তি গড়ে তোলা হবে।”
এদিনের কাঠামো পুজোর মাধ্যমে শুধু একটি ধর্মীয় আচারই সম্পন্ন হয়নি, বরং উত্তর কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী কালীপুজোর আনুষ্ঠানিক প্রস্তুতিরও শুভ সূচনা হল। ভক্ত ও উদ্যোক্তাদের আশা, প্রতি বছরের মতো এবারও ‘ফাটাকেষ্ট’ কালীপুজো দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

Comments

Popular posts from this blog

ক্যান্সার বিজয়ীদের কন্ঠে সচেতনতা ও শক্তির গল্প*

আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আইকনিকের হলে ‘রং মহোৎসব ২.০'

মানবতার উৎসব : কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশনের রক্তদান শিবির*