পূর্ব ভারতে আধুনিক নিউরো চিকিৎসায় নতুন সংযোজন, মণিপাল হাসপাতাল মুকুন্দপুরে চালু হল নিউরো বাইপ্লেন ক্যাথল্যাব
পূর্ব ভারতে আধুনিক নিউরো চিকিৎসায় নতুন সংযোজন, মণিপাল হাসপাতাল মুকুন্দপুরে চালু হল নিউরো বাইপ্লেন ক্যাথল্যাব
আলেফা বেগম :: স্নায়ুর বিভিন্ন রোগ এখন মানুষের জীবনে বড় স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে উঠছে। তাই দ্রুত রোগ নির্ণয় এবং উন্নত চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যে মণিপাল হাসপাতাল মুকুন্দপুর তাদের নিউরোসায়েন্সেস সেন্টার অব এক্সেলেন্স-এর অধীনে অত্যাধুনিক নিউরো বাইপ্লেন ক্যাথল্যাব চালু করেছে। এটি পূর্ব ভারতে প্রথম। এবং পূর্ব ভারতে নিউরোভাসকুলার চিকিৎসায় এক নতুন অধ্যায়ের সূচনা হল। এই অত্যাধুনিক ব্যবস্থা উন্নত ইমেজিং প্রযুক্তি এবং কম কাটা-ছেঁড়ার মাধ্যমে জটিল স্নায়ুরোগের চিকিৎসার সুযোগ করে দেবে। এর ফলে পূর্ব ভারতের রোগীদের আর উন্নত চিকিৎসার জন্য অন্য অঞ্চলে যেতে হবে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিপাল হাসপাতালস ইস্ট রিজিয়নের ডিরেক্টর ও সিনিয়র কনসালট্যান্ট (নিউরোইন্টারভেনশন ও এন্ডোভাসকুলার সার্জারি) ডাঃ সুকল্যাণ পুরকায়স্থ এবং মণিপাল হাসপাতাল মুকুন্দপুর ক্লাস্টারের সিনিয়র কনসালট্যান্ট (নিউরো ইন্টারভেনশনাল রেডিওলজি) ডাঃ নির্মাল্য রায়। তাঁরা আধুনিক প্রযুক্তি কীভাবে স্নায়ুরোগের চিকিৎসাকে আরও উন্নত করছে, সে বিষয়ে আলোচনা করেন।
নতুন এই ক্যাথল্যাবে উন্নত ডুয়াল-প্লেন ইমেজিং প্রযুক্তি রয়েছে, যা মস্তিষ্ক ও মেরুদণ্ডের রক্তনালীর জটিল সমস্যাগুলি নির্ভুলভাবে শনাক্ত করতে সক্ষম। চিকিৎসকেরা রক্তনালীর স্পষ্ট ও সরাসরি ছবি দেখতে পারেন, যার ফলে গুরুত্বপূর্ণ চিকিৎসা আরও নিখুঁতভাবে করা সম্ভব হয়। এই ব্যবস্থার সাহায্যে স্ট্রোক, ব্রেন অ্যানিউরিজম, এভিএম (AVM) এবং অন্যান্য রক্তনালীর সমস্যার চিকিৎসা করা যাবে। এছাড়াও মেকানিক্যাল থ্রম্বেকটমি, জটিল এম্বোলাইজেশন, ফ্লো ডাইভারশন, স্টেন্ট ও বেলুনের সাহায্যে কয়েলিং-এর মতো আধুনিক চিকিৎসাও করা সম্ভব। তাছাড়া বর্তমানে স্ট্রোক বিশ্বজুড়ে একটি বড় স্বাস্থ্য সমস্যা। অনুমান করা হয়, ২৫ বছরের বেশি বয়সী প্রতি চারজন মানুষের মধ্যে একজন জীবনের কোনও না কোনও সময়ে স্ট্রোকে আক্রান্ত হতে পারেন। তাই দ্রুত রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা অত্যন্ত জরুরি।
এই প্রসঙ্গে ডাঃ সুকল্যাণ পুরকায়স্থ বলেন, “নিউরো বাইপ্লেন ক্যাথল্যাব চালু হওয়া পূর্ব ভারতে উন্নত স্নায়ু ও রক্তনালীর চিকিৎসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্ট্রোক বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ এবং দীর্ঘমেয়াদি অক্ষমতারও বড় কারণ। এই ধরনের জরুরি অবস্থায় প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। দেরি হলে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হতে পারে। নতুন এই প্রযুক্তি দ্রুত রোগ নির্ণয়, সঠিক পরিকল্পনা এবং কম কাটা-ছেঁড়ার মাধ্যমে আরও নিখুঁত চিকিৎসা করতে সাহায্য করবে। এর ফলে রোগীরা নিজেদের এলাকার কাছেই উন্নত চিকিৎসার সুবিধা পাবেন এবং চিকিৎসার ফলও আরও ভালো হবে।”
ডাঃ নির্মাল্য রায় বলেন, “স্নায়ু ও রক্তনালীর চিকিৎসায় সঠিক ছবি পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। নিউরো বাইপ্লেন ক্যাথল্যাবের মাধ্যমে নিউরো বিশেষজ্ঞ, নিউরোলজিস্ট, নিউরোরেডিওলজিস্ট, নিউরোসার্জন এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞরা একসঙ্গে কাজ করতে পারবেন। এর উন্নত মানের ছবি জটিল সমস্যাগুলি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে এবং সঠিক চিকিৎসার পরিকল্পনা করতে সুবিধা হবে। বিশেষ করে গুরুতর রোগীদের জন্য দ্রুত এবং নিখুঁত চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে এই প্রযুক্তি বড় ভূমিকা পালন করবে।”
মণিপাল হাসপাতাল মুকুন্দপুরের এই নতুন উদ্যোগ পূর্ব ভারতের মানুষের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা প্রযুক্তি ও বিশেষজ্ঞ পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিকেই আরও শক্তিশালী করল। এর মাধ্যমে উন্নত স্ট্রোক চিকিৎসার সুযোগ বাড়বে, চিকিৎসায় দেরি কমবে এবং রোগীরা বিশ্বমানের আধুনিক ও কম কাটা-ছেঁড়ার স্নায়ু চিকিৎসার সুবিধা পাবেন।
Comments