শিক্ষানগরীতে পৌষ মেলা রাজারহাটের নলেজ সিটি
শিক্ষানগরীতে পৌষ মেলা
আলেফা বেগম : কবিগুরু রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের আদলে গড়ে ওঠা রাজারহাটের নলেজ সিটি - শিক্ষানগরীতে এবারও পৌষ মেলার আয়োজন হয়েছে। ইংরেজি নববর্ষের প্রথম দিন বৃহস্পতিবার, পয়লা জানুয়ারি সোনাঝুরি মঞ্চে ১১ তম এই পৌষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলামিন মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক নুরুল ইসলাম, বিশিষ্ট কবি ও গায়ক কামাল নাসের, নলেজ সিটির প্রাণপুরুষ ডঃ আব্দুর রউফ, এ আর ল কলেজের অধ্যক্ষ বিশ্বনাথ চক্রবর্তী, ল কলেজের টিচার ইনচার্জ সুব্রত ঘোষ, নার্সিং কলেজের অধ্যক্ষা মীরা গাঙ্গুলী, বিশিষ্ট শিক্ষিকা মমতাজ বেগম, ডাঃ নেহা খাতুন, মেহেবুবা বেগম প্রমুখ।
পাঁচদিনের মেলা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। অন্যবারের মত এবারেও রাজ্যের বিভিন্ন প্রান্তের বেশ কয়েকটি সংগঠন মেলা প্রাঙ্গণের চারটি মঞ্চে স্বরচিত কবিতা পাঠে, আবৃত্তি, নাচ, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, 'দেশে ধর্ম নিয়ে বিভাজনের খেলা চলছে। কিন্তু আমরা যদি রবি আদর্শে নিজেদের তৈরি করতে পারি তাহলে দেশ থেকে ধর্মীয় ভেদাভেদ দূর হবে এবং ভারতবাসী আগের মতই শান্তিতে একসঙ্গে পাশাপাশি বসবাস করতে পারবে।' তাঁরা বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করে বিদেশি শক্তিকে দেশ থেকে বিতাড়িত করে দেশের স্বাধীনতা এনেছেন। সে কথা আমাদের ভুলে গেলে চলবে না।'



Comments