নতুন প্রতিভার সন্ধানে
নতুন প্রতিভার সন্ধানে
সাজাহান সিরাজ :: কলকাতা শুরু হল তিনদিনের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব। ২৩ - ২৫ মে এই উৎসব আয়োজিত হয়েছে সত্যজিৎ রয় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই) প্রেক্ষাগৃহে। নতুন প্রতিভার সন্ধানে আয়োজিত এই উৎসবে ৩৫ এর নিচে বয়সী চলচ্চিত্র পরিচালকরা তাঁদের ৫০ টি সেরা গল্পনির্ভর ও তথ্য নির্ভর ছবি নিয়ে অংশ নিচ্ছেন। এদের মধ্যে ৮ জন সেরা পরিচালককে আগামী বছর ছবি করার জন্য আর্থিক সাহায্য করা হবে বলে উদ্যোক্তা সংগঠন Today's Story News এর পক্ষে জানানো হয়েছে। পাশাপাশি বিজয়ী পরিচালকদের দেব কুমার বসু স্মৃতি পুরস্কারে ভূষিত করা হবে।
সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ ঘোষণা করা হয়। উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়েছে যে, কলকাতায় আয়োজিত এই প্রথম স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবে দু'জন কলেজ ছাত্র তাঁদের সেরা ছবি নিয়ে উপস্থিত থাকছেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলী ও দেবাশীষ বসু, উৎসব কমিটির প্রধান পৃষ্ঠপোষক রাজীব শীল, অভিনেত্রী দেবলীনা দত্ত, অভিনেতা শঙ্খ ব্যানার্জি, পিঙ্কি ব্যানার্জি, সায়ন ভট্টাচার্য প্রমুখ।
কৌশিক গাঙ্গুলী বলেন চলচ্চিত্রের সঙ্গে অর্থনীতি জড়িয়ে রয়েছে এখন একটি ছবি নির্মাণ করতে অনেক অর্থের প্রয়োজন। ভালো গল্প হলে অনেক প্রযোজক পাওয়া যায়। কিন্তু ছবি বিক্রি করে অনেক সময় টাকা না উঠলে, প্রযোজকরা দূরে সরে যান। Today's Story News -এর উদ্যোক্তারা ঠিক করেছেন এই চলচ্চিত্র উৎসব থেকে ৮ জন সেরা পরিচালককে আগামী বছর ছবি নির্মাণের জন্য আর্থিক সাহায্য করবেন।
দেবাশীষ বসু বলেন, দেশে নতুন প্রতিভার অভাব নেই এই মঞ্চ তাঁরা ব্যবহার করুন। তিনি নতুন টেকনোলজির ব্যবহারের উপর গুরুত্ব দেন।
রাজীব শীল জানান, এই উৎসবে বাংলা সিনেমার ইতিহাস সম্বন্ধে জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিদিন চলচ্চিত্র নির্মাণ বিষয়ে নানা আলোচনার আয়োজন করা হয়েছে। যেখানে বিশিষ্টজনেরা অংশ নেবেন।
সঞ্চালনায় ছিলেন উৎসব কমিটির পরিচালক নুপুর রায়।



Comments