নৈহাটি ব্রাত্যজন এর "দায়বদ্ধ" : কর্তব্য, দ্বিধা ও নিষ্ঠার প্রতিচ্ছবি


 নৈহাটি ব্রাত্যজন এর "দায়বদ্ধ" : কর্তব্য, দ্বিধা ও নিষ্ঠার প্রতিচ্ছবি 

সাজাহান সিরাজ : এই সময়ের প্রেক্ষাপটে সামাজিক ও পারিবারিক মূল্যবোধের এক অন্তরালের প্রশ্ন তুলে ‘নৈহাটি ব্রাত্যজন’ মঞ্চস্থ করছে তাদের প্রশংসিত নাটক “দায়বদ্ধ”। অরিত্র ব্যানার্জীর নির্দেশনায় নাটকটি ইতিমধ্যেই বিশিষ্ট মহলে প্রশংসিত।



‘দায়বদ্ধ’ দর্শকদের নিয়ে যায় এক গভীর ভাবনার জগতে—রক্তের সম্পর্কই কি আসল, না কি মূল্যবোধের উপর দাঁড়িয়ে থাকা সম্পর্কই আসল পরিচয় ? পিতৃত্ব, দায়িত্ব, সমাজ ও নৈতিকতার জটিল টানাপোড়েনের মধ্যে দিয়ে নাটকটি এক অনবদ্য প্রশ্ন সামনে দাঁড় করিয়ে দেয়—একজন পুরুষ যদি অন্যের সন্তানকে আশ্রয় দিয়ে বড় করে তোলে, সে কি পিতা হতে পারে না ? আমাদের সামাজিক মননে পিতা বলতে যে ছবি ফুটে ওঠে তাই কি একমাত্র ছবি ? বটবৃক্ষের মতো পিতার ভূমিকায় যে মানুষ ছায়ায় লালন করে তার প্রতিচ্ছবি কীভাবে দেখবে সমাজ ? 

পিতার ভূমিকায় পার্থ ভৌমিক অত্যন্ত যত্নসহকারে হৃদয় দিয়ে ফুটিয়ে তুলেছেন সম্পর্কের বিভিন্ন মাত্রা। দায়িত্ববান পিতা থেকে শুরু করে সংসারের টানাপোড়েন সমস্তটাই অত্যন্ত সুচারু দক্ষতায় এই প্রযোজনায় তুলে ধরেছেন। মায়ের ভূমিকায় দেবযানী সিংহও অত্যন্ত প্রশংসার দাবী রাখেন।

দেবাশীষ রায়ের চমৎকার আলোক পরিকল্পনা, নিখুঁত মঞ্চ রূপ এবং আবেগঘন অভিনয় এই নাটকটিকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। সংগীত ও আবহে সমীর সরকারে নাটকটির আবেগকে বহুগুণে বাড়িয়ে তোলে।

৩১তম অভিনয় উপলক্ষে ২০ মে, সন্ধ্যেয় নাটকটি মঞ্চস্থ হল কলকাতার মধুসূদন মঞ্চে। এটি শুধুমাত্র একটি নাট্য উপস্থাপনা নয়, বরং সমাজের প্রতিচ্ছবি, যা দর্শকদের হৃদয় কে ছুঁয়ে যায়।


সন্ধ্যাটি সমৃদ্ধ হয়ে ওঠে নানা ক্ষেত্রের বিশিষ্ট অতিথি ও অভ্যাগতদের গৌরবময় উপস্থিতিতে। ছিলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও বিশিষ্ট পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তী এবং ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। 

এই অনুষ্ঠানের জাঁকজমক আরও বৃদ্ধি পায় প্রথিতযশা শিক্ষাবিদ, খ্যাতনামা শিল্পী, সম্মানীয় সাহিত্যিক, বলিষ্ঠ সাংবাদিক এবং সাধারণের উপস্থিতির মধ্য দিয়ে, যাঁরা সকলেই এই অসাধারণ সাংস্কৃতিক সমাবেশে তাঁদের উপস্থিতি দিয়ে তা আরও স্মরণীয় করে তোলেন।

নৈহাটি ব্রাত্যজন-এর এই প্রয়াস একদিকে যেমন নাট্যচর্চার ধারা বজায় রাখে, অন্যদিকে সমাজের ভিতরে প্রশ্নের ঢেউ তোলে। 


নাটকটি মঞ্চস্থ হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা, রাজনীতিবিদ রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বর্তমানে সাংসদ পার্থ ভৌমিক। তিনি জানান, ৪০ বছর বাদে ব্রাত্যজন 'দায়বদ্ধ' নাটকটি আবার মঞ্চে আনলো। বলেন, জীবনটাই চ্যালেঞ্জ । আমার রাজনীতি এবং মঞ্চে নাটক, তারই প্রতিচ্ছবি। কতখানি কাজ করতে পারছি না পারছি সেটার উত্তর দেবেন সাধারণ মানুষ। পার্থবাবু বলেন, দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশ মতো মানব সেবায় যতখানি সময় দেওয়া সম্ভব আমি সেই কাজ করছি। পরের সময়টা অভিনয়ে। এই দুটোতেই মানুষের কাছে আমি দায়বদ্ধ।

Comments

Popular posts from this blog

ক্যান্সার বিজয়ীদের কন্ঠে সচেতনতা ও শক্তির গল্প*

আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আইকনিকের হলে ‘রং মহোৎসব ২.০'

মণিপাল হাসপাতাল বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও অ্যাসিড হামলায় আক্রান্তদের সঙ্গে নিয়ে ফার্স্ট এইড ও সিপিআর সচেতনতা বাড়াতে উদ্যোগী