প্রেম-ভালোবাসার রঙিন কাহিনীচিত্র "এ মন তোকে দিলাম"
প্রেম-ভালোবাসার রঙিন কাহিনীচিত্র "এ মন তোকে দিলাম"
সাজাহান সিরাজ :: কলেজ এক বিচিত্র জায়গা। কলেজ শিক্ষার মন্দির হিসেবে পরিচিত হলেও ছাত্র-ছাত্রীদের মধ্যে কলেজ জীবনে অনেক প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই অর্থে শিক্ষার পাশাপাশি কলেজগুলি ছাত্র-ছাত্রীদের কাছে প্রেম মন্দিরও বটে। উত্তরবঙ্গে পাহাড়ের কোলে ঘেঁষে গড়ে ওঠা কলেজ হল শিলিগুড়ি মেট্রোপলিটন কলেজ। ভালো কলেজ হিসেবে এই কলেজের নাম ডাকও আছে। এই কলেজে প্রতিবছর "ওয়েস্ট বেঙ্গল মোটর র্যালি কম্পিটিশন" নামে এক মোটর র্যালি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে অংশ নেয় রাজ্যের বিভিন্ন প্রান্তের জেলা কলেজগুলির ছাত্র-ছাত্রীরা। বিগত কয়েক বছর এই মোটর র্যালি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন কলেজের ছাত্র রাজা সিকদার। এ বছর এই প্রতিযোগিতায় রাজা অংশ না নেওয়ায় কলেজ ছাত্রী পূজা চৌধুরী, এই প্রতিযোগিতায় বিজয়িনী হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু সেখানে বাধ সাধে দিদি রুপলেখার অনুরোধে কলকাতা থেকে এই কলেজে পড়তে আসা প্রেম। মোটর র্যালি প্রতিযোগিতায় বিজয়ী হয় প্রেম। এই হার কিছুতে মেনে নিতে পারে না পূজা। শিলিগুড়ির প্রভাবশালী প্রতিষ্ঠিত ব্যক্তি অবিনাশ চৌধুরীর একমাত্র সুন্দরী মেয়ে পূজা চৌধুরী।
পূজা, এই হারের বদলা নিতে প্রেমের উপর শুরু হয় প্রতিশোধের হিসাব নিকাশ।
পূজা সুন্দরী। কলেজের ছাত্ররা তার প্রেমে পাগল। কিন্তু পূজা তাদের কাউকে পাত্তা দেয় না। এদিকে কলেজ ছাত্র রাজা শিকদার পূজা কে খুব ভালোবাসে। কিন্তু তার মনের কথা পূজাকে কোনদিন বলতে পারেনা। অন্যদিকে কলেজ ছাত্রী বৃষ্টি ভালোবাসে রাজাকে কিন্তু সেও তার মনের কথা বলতে পারে না রাজাকে। এদিকে পূজা এবং প্রেম এর মধ্যে দ্বন্দ্ব কখন যে তাদের মনের অজান্তে নিজেদের মধ্যে মন দেওয়া নেওয়া হয়ে যায় কেউ বুঝতে পারে না। একে অপরের প্রতি তারা দুর্বল হয়ে পড়ে, সেকথা কলেজ ছাত্র রাহুল রাজাকে বলে। রাজা বিশ্বাস করতে না পারলেও মনে আঘাত পায়। ভাবে, এবার তার প্রেমের কথা গিয়ে বলবে পূজাকে। পূজা কি এখন মানবে, তার মনে অনেক সংশয় !
কলেজ ছাত্র-ছাত্রীদের মধ্যে এই রঙিন প্রেম-ভালোবাসা-দ্বন্দ্ব-সংশয়-স্বপ্ন নিয়ে কাহিনীচিত্র "এ মন তোকে দিলাম"। পরিচালক কাঞ্চন ভট্টাচার্য। তাঁরই গল্প নিয়ে টলিউড ক্যাম্পাস নিবেদিত এই ছবিতে অভিনয় করেছেন রোহন ভট্টাচার্য, ঋতিকা সেন, সুজয় ঘোষ, বিশ্বজিৎ চক্রবর্তী, অঞ্জনা বসু, রজতাভ দত্ত, অরুণ ব্যানার্জি, রবিশঙ্কর (মুম্বাই), অরুণ মুখার্জি, নারায়ণ রায়, রঞ্জন ভট্টাচার্য, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, প্রভাতী, মিন্টু, অমিত, অক্ষয়, নবকুমার ঘোষ, শ্রেয়া, রাজ, মধুমিতা এবং ঋতুপর্ণা সেনগুপ্তা।
বুধবার, কলকাতা প্রেসক্লাবে এই ছবির পোস্টার লঞ্চ হলো।



Comments